আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রতারণা, চাঁদাবাজি ও নৈরাজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বর্জন করে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলনের জাতীয় শ্রমিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চরমোনাই পীরের অভিযোগ, স্বাধীনতার পর কোনো সরকার সাম্য ও সামাজিক ন্যায়বিচারের লক্ষ্য পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি ইসলামী শ্রমব্যবস্থা গড়ে তোলার পক্ষে মত দেন।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী শ্রমিক আন্দোলনের দায়িত্বশীল নেতাদের প্রার্থী হতে বলেন তিনি। একই সঙ্গে অটোরিকশাচালকদের প্রতি কঠোরতা না দেখিয়ে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে সুশৃঙ্খল পরিবহনব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের মহাসচিব গাজী আতাউর রহমান বিএনপির সমালোচনা করে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। কাউন্সিলে ইসলামী শ্রমিক আন্দোলনের ২০২৭-২৮ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়।

