বিশ্ব ডাক দিবস উপলক্ষে শুক্রবার (৯ অক্টোবর) থেকে দেশব্যাপী ডাকসেবা সপ্তাহ শুরু হয়েছে। ১৫ অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি চলবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ডাকটিকিট প্রদর্শনী ও ডাকসেবা নিয়ে মেলার আয়োজন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে ঢাকার আগারগাঁওয়ের ডাক ভবনে আলোচনা সভা করে ডাক অধিদফতর। প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি। অধিদফতরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ তুলে ধরেন সাবেক মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন।
গ্রাহকদের সেবা অব্যাহত রাখতে ৯ ও ১০ অক্টোবর ডাক বিভাগের সব পর্যায়ের কার্যালয়ে সাধারণ ডাকসেবা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। তবে সঞ্চয় ব্যাংকের কার্যক্রম এর অন্তর্ভুক্ত নয়।
কর্মসূচির অংশ হিসেবে রচনা, চিঠি লেখা ও ছবি আঁকার প্রতিযোগিতাও হয়েছে। পাশাপাশি বেতারে ডাকসেবা নিয়ে আলোচনা প্রচার করা হয়েছে।

