মানসিক অসুস্থতা নিয়ে ভয়, লজ্জা, কুসংস্কার ও বৈষম্য দূর করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানসিক সমস্যায় থাকা মানুষকে অবহেলা না করে তাঁদের কথা শোনা ও সহায়তা পাওয়ার সুযোগ সহজ করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এই আহ্বান জানান। দিবসটি উপলক্ষে দেশের ও বিশ্বের মানুষের সুস্থতা কামনা করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক ও সামাজিক ভালো থাকাও জরুরি। মানসিক স্বাস্থ্য মানুষের মর্যাদা, পরিবার ও সমাজের কল্যাণের সঙ্গে যুক্ত। তাই এ বিষয়ে মানুষের অভিজ্ঞতা ও অনুভূতিকে সম্মান দিয়ে শুনতে হবে।
তিনি জানান, উপজেলা ও প্রাথমিক স্বাস্থ্যসেবায় মানসিক স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো, দক্ষ জনবল তৈরি এবং প্রযুক্তির মাধ্যমে কাউন্সেলিং সম্প্রসারণে সরকার কাজ করছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের পরিকল্পনাও রয়েছে।
গর্ভবতী মা, শিশু-কিশোর এবং বিদ্যালয়ভিত্তিক মানসিক স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরেন তিনি। সচেতনতা বাড়াতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও স্বাস্থ্য পেশাজীবীদের এগিয়ে আসার আহ্বান জানান।

